ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ধানমন্ডি থানার নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেন।
এর আগে, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার পর অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন।
ঢাকা-১০ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনও এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, জামায়াতের প্রার্থী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার।
অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার পর আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দেবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন তৈরি হয়েছিল। তবে আসিফ মাহমুদ ১২ ডিসেম্বর জানান, তিনি কোনো দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়বেন।