আজ শনিবার, ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ জিলকদ, ১৪৪৭ হিজরি

শুধু মিছিল-মিটিংয়ের জন্য ‘জাতীয়তাবাদী’ ব্যবহার করে সংগঠন নয় : রিজভী

শুধুমাত্র মিছিল-মিটিং করার উদ্দেশ্যে ‘জাতীয়তাবাদী’ নাম ব্যবহার করে সংগঠন গড়ে তোলার প্রবণতা থেকে সরে এসে সংশ্লিষ্ট পেশাজীবীদের সমাজে সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযানচালক দলের আয়োজিত সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শুধু সংগঠন তৈরি করলেই দায়িত্ব শেষ নয়। মোটরযানচালকসহ খেটে খাওয়া মানুষ যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সম্মানজনক জীবন পায় এবং অহেতুক পুলিশি হয়রানির শিকার না হয়, সেই লক্ষ্যে আইন প্রণয়ন ও রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, দেশের দরিদ্র ও শ্রমজীবী মানুষই সবচেয়ে বেশি হয়রানি ও নির্যাতনের শিকার হয়। এসব মানুষের মর্যাদা নিশ্চিত করতে মোটরযানচালক পেশাকে যথাযথ সম্মানের আসনে প্রতিষ্ঠা করতে হবে।

উন্নত দেশের উদাহরণ টেনে বিএনপির এই নেতা বলেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ট্যাক্সিচালক বা রাইডশেয়ার চালকদের সমাজে সমান মর্যাদা রয়েছে; সেখানে পেশাভেদে কোনো শ্রেণিবিভাজন নেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে রিজভী বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে একজন ট্যাক্সিচালক ও একজন পেশাজীবীর সামাজিক মূল্য সমান হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শেষ করেও যারা চাকরি পাচ্ছেন না, তারা উন্নত দেশের মতো উবার বা ট্যাক্সি চালিয়ে স্বনির্ভর হতে পারবেন, যতদিন না অন্য চাকরি হয়। তবে এ জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় সহযোগিতা, নীতিমালা ও আইন প্রণয়ন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী শফু, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, আরিফুর রহমান তুষারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share and Enjoy !

Shares