আজ শুক্রবার, ৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ জিলকদ, ১৪৪৭ হিজরি

থানায় সালিশ করতে এসে আটক আওয়ামীলীগ নেতা

শরীয়তপুরের নড়িয়া থানায় সালিশ করতে এসে মো: আক্কাস ছৈয়াল (৪৮) নামে এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক মো: আক্কাস ছৈয়াল আওয়ামীলীগের সহযোগী সংগঠন শ্রমিকলীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বিঝারী ইউনিয়নের কাপাসপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, বুধবার (৭ জানুয়ারী) দুপুর ১২টার দিকে স্থানীয় একটি বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে সালিশ বৈঠকে অংশ নিতে নড়িয়া থানায় উপস্থিত হন মো: আক্কাস ছৈয়াল। এ সময় তাকে আটক করা হয়। তবে পুলিশ জানিয়েছে, কৌশলে তাকে থানায় ডেকে আনা হয়েছিল।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজ শ্রমিকলীগের উপজেলা সাধারণ সম্পাদক মো: আক্কাস ছৈয়ালকে কৌশলে থানায় ডেকে আনা হয়। পরে নাশকতায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

পরে তাকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share and Enjoy !

Shares