আজ শুক্রবার, ৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ জিলকদ, ১৪৪৭ হিজরি

শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে ককটেল বিস্ফোরণে সোহান বেপারী ৩২ নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা ককটেল তৈরি করার সময় বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার ভোরে হঠাৎ বিকট শব্দে এলাকার মানুষের ঘুম ভেঙে যায়। পরে স্থানীয়রা একটি রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে ককটেল বিস্ফোরণের স্পষ্ট আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ্ আহম্মেদ বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। মরদেহে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও গত রবিবার বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় এক যুবকের বোমা হামলায় হাতের কবজি উরে গিয়ে গুরুতর আহত হন এবং পরে অভিযান চালিয়ে পুলিশ চার বালতি ভর্তি ককটেল বোমা উদ্ধার করে। ওই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

Share and Enjoy !

Shares