আজ শনিবার, ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ জিলকদ, ১৪৪৭ হিজরি

আলফাডাঙ্গায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি: দুগ্ধ পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য “দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি ও পরিবেশ সচেতনতা” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২০ জানুয়ারি) আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সহযোগিতা করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নিয়াজ মুস্তাফি চৌধুরী এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইন।

প্রধান অতিথি রিফাত নূর মৌসুমী বলেন, স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি শিশুদের পুষ্টি নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নিয়মিত দুধ ও দুগ্ধজাত পণ্য গ্রহণ করলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হয়। পাশাপাশি পরিবেশবান্ধব দুগ্ধ উৎপাদন ও ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া জরুরি।তিনি শিক্ষক ও অভিভাবকদের এই কর্মসূচির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডাঃ ভবেন বাইন বলেন, দুধ শুধু একটি খাদ্য নয়, এটি একটি পূর্ণাঙ্গ পুষ্টি। বিদ্যালয় পর্যায়ে এই সচেতনতামূলক প্রশিক্ষণ শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টিগুণ, নিরাপদ ব্যবহার, স্বাস্থ্যসম্মত উৎপাদন ও পরিবেশবান্ধব দুধ ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, এ প্রশিক্ষণে মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

Share and Enjoy !

Shares