আজ শুক্রবার, ৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ জিলকদ, ১৪৪৭ হিজরি

ওসমান হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দেবে সরকার

প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দেবে সরকার। এ লক্ষ্যে এক কোটি টাকা বিশেষ অনুদান দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। গৃহায়ণ মন্ত্রণালয়ের আবাসিক ভবন বাবদ চলতি অর্থবছরে যে ছয় কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, সেখান থেকে এ অর্থ খরচ করবে মন্ত্রণালয়।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদন করার পর অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে। তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।

ফ্ল্যাট বরাদ্দের শর্তে বলা হয়েছে, এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সব আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করতে হবে। বরাদ্দকৃত অর্থ চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে প্রতিফলন নিশ্চিত করতে হবে। অব্যয়িত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

Share and Enjoy !

Shares