ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার ওসি।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, ঘটনার সময় পাঁচগাছিয়ার মাথিয়ারা তামিম ডিজিটাল স্কেলের সামনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় লাল-সবুজ পরিবহণের একটি বাস। ঘটনাস্থলে বাস চাপা পড়ে গুরুতর আহত হয় দুই সহোদর। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নিহতরা হলেন- পাঁছগাছিয়া ইউনিয়নের উজালিয়া গ্রামের কাজি বাড়ীর শাহ আলমের ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)। তারা দুজনই বার্জার কোম্পানীর গাড়ী চালক ছিলেন।
মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার শিকার পিকাপটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি ও ঘাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।