আজ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

পহেলা বৈশাখে নিরাপত্তা ও ট্রাফিকে বিশেষ ব্যবস্থা

আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ এবং পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে রাজধানীতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৮ এপ্রিল) সকালে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান সংস্থাটির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির অন্যতম প্রধান উৎসব। প্রতি বছরের মতো এবারও রাজধানীর বিভিন্ন স্থানে নানা আয়োজন থাকবে, যেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। সম্ভাব্য বাড়তি জনসমাগম বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনা আরো জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

একই সঙ্গে যানজট ও ভোগান্তি এড়াতে সুপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নের কথাও জানান তিনি। জনগণের জানমাল রক্ষা এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বৈশাখ উদযাপনের গুরুত্বপূর্ণ আয়োজক প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

Share and Enjoy !

Shares