আজ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরায়েলি হামলা, হরমুজ প্রণালি বন্ধ

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ফের ইসরায়েলের ব্যাপক বিমান হামলার ঘটনা ঘটেছে। রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন এলাকায় মাত্র ১০ মিনিটের ব্যবধানে অন্তত ১০০টি বিমান হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ ২৫৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
এই হামলার প্রেক্ষিতে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে বলে দেশটির গণমাধ্যমে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরপরই লেবাননে এ হামলা চালানো হয়। লেবাননের পার্লামেন্ট স্পিকার ঘটনাটিকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন। এদিকে, যুদ্ধবিরতির মধ্যেই ইরানের ইসফাহান ও কেরমান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। তেহরানের দাবি, এটি যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। তবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় জানান, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ অবস্থান নিয়ে দেশটির অভ্যন্তরে সমালোচনা বাড়ছে। বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ এই যুদ্ধবিরতিকে ‘কূটনৈতিক ব্যর্থতা’ হিসেবে বর্ণনা করে বলেন, চলমান অভিযানে সরকার কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

Share and Enjoy !

Shares