আজ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি

‘পার্বত্য চট্টগ্রামে যারা বিশৃঙ্খলায় জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে’ -মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক

‘পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে আমি শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কারজ করছে। সেখানকার স্থানীয় প্রশাসন আছেন তারা স্থানীয় জনগণের সাথে যোগাযোগ করে এ বিষয়ে যারা দোষী তাদের শাস্তির আওতায় নিয়ে আসবেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মীরসরাই উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মন্দির পরিদর্শন শেষে এমন কথা বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।
জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘আগের মতো একদেশদর্শী, একদলদর্শী, এক ব্যক্তিদর্শী এই ধরণের কোনো নির্বাচন হবে না। আমরা সম্মিলিতভাবে আমাদের দেশ গড়ে তুলবো। নির্বাচন অবশ্যই আগামী ফেব্রুয়ারিতে হবে। নির্বাচন কমিশন এবং সরকার সবাই আমরা উদগ্রীব হয়ে আছি নির্বাচন করার জন্য। জাতীয় নির্বাচনের দিকে ইতোমধ্যে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি। জনগণ যাকে পছন্দ করবে তাদের সরকার হিসেবে মেনে নিবে। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হবে। আমরা সম্মিলিতভাবে আমাদের দেশ গড়ে তুলবো। জনগণের প্রত্যাশা নিঃসংকোচে নিজের ভোটাধিকার প্রয়োগ করা সেটাই নিশ্চিত হবে।’
দুর্গাপূজার বিষয়ে উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেন, ‘দুর্গাপূজায় যাতে সবাই মিলেমিশে আনন্দ উৎসব উদযাপন করতে পারি এটাই আমাদের এখনকার মিশন। সবাই নির্বিঘেœ পূজা পালন করবেন। কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।’
এসময় পরিদর্শনে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী, মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম, মীরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে প্রমুখ।

Share and Enjoy !

Shares