বাংলাদেশে দ্রুত অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে আগ্রহী ভারত। একই সঙ্গে আগামীতে জনগণের ভোটে যে সরকার ক্ষমতায় আসুক না কেন, তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতি নিয়েছে দিল্লি।
সোমবার (৬ অক্টোবর) নয়া দিল্লির সাউথ ব্লকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)-এর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ কথা জানান।
তিনি বলেন, ভারত প্রত্যাশা করে বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে যেই সরকার ক্ষমতায় আসুক, ভারত তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।
অংশগ্রহণমূলক নির্বাচন বলতে ভারত সব রাজনৈতিক দলকেই বোঝাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন, এটা বাংলাদেশের কর্তৃপক্ষ, সাধারণ মানুষ ও সিভিল সোসাইটিকেই নির্ধারণ করতে হবে। তবে নির্বাচন যেন সারা বিশ্বে গ্রহণযোগ্য হয়, সেই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ নিশ্চয়ই নিজেদের নির্বাচন আয়োজন করবে।
বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই তাদের সঙ্গে কাজ করছে।
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ফেরতের অনুরোধ এসেছে, বিষয়টি ভারত পরীক্ষা-নিরীক্ষা করছে। এটি আইনি ও বিচারিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হওয়ায় আপাতত এর বেশি কিছু বলা সম্ভব নয়।