চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে কারাদণ্ড ও জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের ইন্সপেক্টর ও তার টিম।
অভিযান চলাকালে গাঁজা সেবন ও বহনের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়। পরে তিনজনকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন ছোবাহান হাউলাদার ছেলে মো. শামীম, নুরুল আবছারের ছেলে মো. নুর নবী, ও সৈয়দ আলীর ছেলে মো. সোহাগ। তাদের সবাইকে ১শ টাকা করে জরিমানা ও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, “দণ্ডপ্রাপ্তরা প্রকাশ্যে গাঁজা সেবন ও বহনের মাধ্যমে জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণে লিপ্ত ছিলেন। এ অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১) ধারা লঙ্ঘনের দায়ে ৩৬(১) ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মাদকবিরোধী এই অভিযান নিয়মিতভাবে চলবে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর একসঙ্গে কাজ করছে।”
স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষ মাদকবিরোধী কার্যক্রমে আরও সচেতন হবে বলে মনে করছেন সচেতন মহল।