আজ শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

ভূমিকম্পে শাহজালাল বিমানবন্দরের কয়েক স্থাপনায় ‘দৃশ্যমান’ ফাটল

রাজধানীসহ সারাদেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শক্তিশালী এ ভূমিকম্পে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন পথের গেট ৪ ও ৫–এর সংযোগ অংশে দৃশ্যমান ফাটল সৃষ্টি হয়েছে। এতে সিলিংয়ের কিছু অংশ খসে পড়ে। নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত এলাকায় যাত্রী চলাচল সাময়িকভাবে সীমিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদীর মাধবদীতে এ ভূমিকম্পটির উৎপত্তি হয়। ইতোমধ্যেই এ ভূমিকম্পে রাজধানীসহ সারা দেশে বেশ কয়েকটি ভবন ধস ও হেলে পড়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরু হলে টার্মিনালে থাকা যাত্রীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। এ সময় উপরের সিলিংয়ের একটি অংশ নেমে এলে দ্রুতই এলাকা ঘিরে রাখা হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, ডিপারচার ড্রাইভওয়ের উপরের সিলিং জয়েন্টের প্লাস্টারের একটি অংশ খসে পড়ে। তবে রানওয়ে, অ্যাপ্রোন বা টার্মিনালের মূল কাঠামোতে কোনো ধরনের ক্ষতি হয়নি। বিমান চলাচলও স্বাভাবিক রয়েছে। ইতোমধ্যে পুরো স্থাপনার নিরাপত্তা যাচাইয়ে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল পরিদর্শন করছে। ফাটলের ধরন, গভীরতা এবং ভবিষ্যৎ ঝুঁকি বিশ্লেষণ করে তারা পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে। পরে সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় মেরামত বা স্থায়ী সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।

Share and Enjoy !

Shares