আজ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি

বৃহস্পতিবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি : যেভাবে জানা যাবে ফলাফল

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। লটারির আয়োজন সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মঙ্গলবার প্রকাশিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

লটারির ফল জানার পদ্ধতি : ডিজিটাল লটারি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইনে ফল জানতে পারবেন। মাউশি জানিয়েছে, নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে ফল ডাউনলোড করা যাবে। এ ছাড়া মাউশির ফেসবুক পেজে লটারির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

ফলাফল ডাউনলোড করার পর প্রতিষ্ঠানপ্রধানরা তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতির কাছে ই-মেইলে পাঠিয়ে মাউশিকে অবহিত করবেন। এরপর ভর্তি কমিটি সভা করে নিয়ম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।

এই বছর শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গিয়ে ফল জানতে হবে না। ঘরে বসেই অনলাইনে দ্রুত ফলাফল জানা যাবে।

Share and Enjoy !

Shares