আজ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে : হাসনাত

বাংলাদেশে দিল্লির আধিপত্য বিস্তারের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এই দেশে দিল্লির মসনদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, গুলিটি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়ে যায়নি, তা বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়েও গেছে। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারাই এখন ভিন্ন ভিন্ন পরিচয়ে—টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী কিংবা সাংস্কৃতিক কর্মী হিসেবে পুনরায় সক্রিয় হয়ে উঠছে।
হাসনাত বলেন, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, পেশাজীবী বা বুদ্ধিজীবীর মাধ্যমে দিল্লির আধিপত্য এই দেশে ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে।

এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না, তারা যে নামেই পরিচিত হোক না কেন। গুলশানে জাতীয় পার্টির ব্যানারে যারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, ওসমান হাদি ভাইয়ের রক্তের সময় তাদের বাংলাদেশে এক ইঞ্চি জায়গাও দেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ওসমান হাদি দেশকে ইনসাফের পথে এগিয়ে নিতে চেয়েছেন। তিনি বলেন, আপনি যে মত বা পথেরই অনুসারী হোন না কেন, আমাদের একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, নিজেদের স্বার্থে অনেক দল দেউলিয়া হয়ে গেছে এবং তারা এখন আওয়ামী লীগের সঙ্গে আপসের পথে হাঁটছে।

Share and Enjoy !

Shares