আজ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে : প্রেস সচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ করবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা রয়েছে। তারেক রহমানের দেশে আগমনে তা পূরণ হবে। তিনি দেশের সবচেয়ে বড় দলের নেতা, তার দেশে আসার প্রভাব হবে অত্যন্ত ইতিবাচক।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে তারেক রহমান আজ দেশে ফিরেছেন। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট লন্ডন থেকে সিলেটে সকাল ৯টা ৫৬ মিনিটে অবতরণ করে। সিলেট থেকে যাত্রাবিরতি শেষে বিমানটি বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

আগামী নির্বাচনের প্রেক্ষাপটে শফিকুল আলম বলেন, দেশ একটি গণতান্ত্রিক উত্তরণে (ডেমোক্র্যাটিক ট্রানজিশন) আছে। তারেক রহমানের দেশে আগমনের পর এই উত্তরণ আরও মসৃণভাবে সম্পন্ন হবে।

তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা বিএনপি দেখছে। তারা সরকারের কাছে যে সহযোগিতা চেয়েছে, সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, গতকাল রাত ১২টার দিকে পদত্যাগের ঘটনা ঘটে। এখনো তার কারণ জানতে পারেননি।

বৃহস্পতিবার তিনি তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ও করেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা চাই, সব সম্প্রদায়ের মানুষ যেন নিজ ধর্ম, আচার ও অনুষ্ঠান নির্ভয়ে আনন্দে পালন করতে পারে। এটি সত্যিকার গণতন্ত্রের অন্যতম লক্ষ্য।

Share and Enjoy !

Shares