আজ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

ইসির সঙ্গে বৈঠকে বিএনপি : ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক

ঢাকা মহানগর ও দেশের বিশেষ বিশেষ কিছু আসনভিত্তিক ভোটার মাইগ্রেশন (স্থানান্তর) করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনী সমসাময়িক বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
নজরুল ইসলাম খান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আইনে যাদের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে শুধু তাদেরই রাখা হোক। আজ বিএনসিসি (বিএনসিসি) আনা হচ্ছে, কাল হয়তো স্কাউটকে আনা হবে। এটা নির্বাচনের পরিবেশের জন্য শুভ নয়।

তিনি আরো বলেন ‘নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজ এলাকার বাইরে গিয়ে কাজ করছেন। আইনের সরাসরি বাধা না থাকলেও নির্বাচনের অন্তত দুই দিন আগে বহিরাগতদের এলাকা ছাড়ার ব্যবস্থা নিতে হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ তৈরি না হয়। এ বিষয়ে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।’

৫৫ হাজারের বেশি স্থানীয় পর্যবেক্ষক অনুমোদন দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ইসি কি সব কিছু গভীরভাবে চিন্তাভাবনা করে অনুমোদন দিয়েছেন? যাদের আসলে সক্ষমতা আছে, শুধু তাদেরই পর্যবেক্ষক করা উচিত।

নির্বাচন ভবনে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে আরও ছিলেন দলে চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

Share and Enjoy !

Shares