আজ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা

বর্তমানে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদে কেউ দায়িত্বে না থাকায় রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, কোনো কারণে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তির মাধ্যমে শপথগ্রহণ সম্ভব না হলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পড়াতে পারবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব স্পিকারের, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের। তবে তাঁদের অনুপস্থিতিতে বিকল্প বিধানও রয়েছে।
তিনি জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের একজন নিখোঁজ এবং অন্যজন কারাগারে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে এবং তাঁরা পদত্যাগও করেছেন। ফলে তাঁদের মাধ্যমে শপথগ্রহণের কোনো সুযোগ নেই বলে তিনি মনে করেন। আইন উপদেষ্টা বলেন, আইনের বিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াতে না পারলে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি এই দায়িত্ব পালন করবেন। প্রধান বিচারপতি সম্মত হলে তিনিও এই দায়িত্ব পালন করতে পারেন।

তিনি বলেন, তিন দিনের মধ্যে এই প্রক্রিয়ায় শপথগ্রহণ সম্পন্ন না হলে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারবেন। তবে সরকার নির্বাচন শেষে যত দ্রুত সম্ভব শপথগ্রহণ সম্পন্ন করতে চায় বলে জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তির মাধ্যমে শপথগ্রহণ না হলে সিইসির মাধ্যমে তা সম্পন্ন করা হবে, যদিও সে ক্ষেত্রে তিন দিন অপেক্ষা করতে হবে। তিনি যোগ করেন, আমরা অপেক্ষা করতে চাই না। নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথগ্রহণ করাতে চাই।

Share and Enjoy !

Shares