মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে সাথী আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাথী আক্তার উপজেলার শ্যামসিদ্ধি মঠবাড়ী এলাকার মৃত নুর জামালের মেয়ে। তিনি দুই সন্তানের জননী মেয়ে মীম (১০) ও ছেলে আরাফাত (৪)।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে সাথীর বিয়ে হয় নাগরভাগ গ্রামের হামিদের ছেলে পাভেলের সঙ্গে। বিয়ের পর থেকেই সাথী বিভিন্ন সময় স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিশ ও মামলা হয়েছে। নিহতের মা রাহেলা বেগম বলেন গতকাল আমার মেয়েকে চোখের নিচে আঘাতের চিহ্নসহ আমার বাড়িতে পাই। সে জানায়, তার স্বামী পাভেল তাকে মারধর করেছে। আজ সকালে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। আমার মেয়ের মৃত্যু স্বামীর দীর্ঘদিনের নির্যাতনের ফল।
এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান বলেন, আমরা গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।