ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তার অনবদ্য ৮৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সবকয়টি উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে।
ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের শুরুটা ছিল বেশ ধীরস্থির। ওপেনার পারভেজ হোসেন ইমন ৯ রান করে আউট হলে ব্যাটিং বিপর্যয়ের শুরু হয়। এরপর অধিনায়ক লিটন দাস (৬), সাইফ হাসান (২৩), এবং রিশাদ হোসেন (৩) একে একে সাজঘরে ফেরেন।
এক প্রান্তে যখন নিয়মিত বিরতিতে উইকেট পড়ছে, তখন অপর প্রান্তে দৃঢ়তার সঙ্গে ব্যাট চালিয়ে যান তানজিদ হাসান। তিনি ৬২ বল মোকাবিলা করে ৯টি চার ও ৪টি ছক্কায় করেন ৮৯ রানের অনন্য ইনিংস। দলের অন্য কোনো ব্যাটার তার সঙ্গে বড় জুটি গড়তে না পারলেও তানজিদের ব্যাটে ভর করেই লড়াইযোগ্য স্কোর দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ।
শেষদিকে জাকের আলি (৫), নুরুল হাসান (১), ও নাসুম আহমেদ (১) রান যোগ করেন। তবে বাংলাদেশের উইকেট যেন আসা-যাওয়ার মিছিল। দলীয় ১৪২ রানেই বাংলাদেশ ৩ উইকেট হারায়। যার মধ্যে তানজিদের উইকেটও আছে। তাসকিন আহমেদের ৪ বলে ৯ রানে শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ১৫১ রানে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রোমারিও, যিনি পান ৪ উইকেট। এছাড়া জেসন হোল্ডার ও খারি পিয়েরে ২টি করে উইকেট নেন।