মিরসরাইয়ে ৪’শ ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল শনিবার (৮ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার মোজাম্মেলের বাড়ী মৃত রুহুল আমিনের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৫) ও একই এলাকার দেলোয়ারের বাড়ীর মো. আবুল কালামের ছেলে মো. আওলাদ হোসেন (৩৭), ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের পূর্ব ভূজপুর ফুনাইয়াটিলা এলাকার নুর আহম্মদের ছেলে মো. ইলিয়াছ (৩২) ও একই ইউনিয়নের পূর্ব ভূজপুর এলাকার মো. ইউসুফের ছেলে মো. শাফায়েত হোসেন প্রকাশ শ্রাবন (১৯)।
জোরারগঞ্জ থানার ওসি এম. আবদুল হালিম বলেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেবো ফিলিং স্টেশনের পূর্ব পাশে রাস্তার উপর থেকে মো. সাইফুল ইসলাম ও মো. আওলাদ হোসেনকে ১ শত ৬০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়। অপর একটি অভিযানে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা-ঝিলতলী সড়কের লোহার ব্রীজের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে মো. ইলিয়াছ ও মো. শাফায়েত হোসেনকে প্লাষ্টিকের স্যালাইনে ভর্তি ২ শত ৭০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে রবিবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।