আজ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

ভারতীয় উজানের ঢলে ফের প্লাবিত হচ্ছে ফেনীর উত্তরাঞ্চল

ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে ভারতীয় উজানের ঢলে লোকালয়ে ফের ঢুকছে পানি। ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টির ফলে ২১ জুলাই, সোমবার সকাল থেকে নেমে আসা পানি ফেনীর উত্তরাঞ্চলের উপজেলা পরশুরাম ও ফুলগাজীর কয়েকটি গ্রামে প্রবেশ করতে শুরু করে। ২২ জুলাই, মঙ্গলবার সকাল পর্যন্ত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এরআগে, গত ৮ জুলাই উজানের ঢলে ৩টি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪১টি স্থানে ভাঙন দেখা দেয়।

ফেনী পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে গত ৮ জুলাই থেকে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ৩টি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪১টি স্থানে ভাঙন দেখা দেয়। তার মধ্যে ৬টি ভাঙা স্থান মেরামত কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ২৮টি স্থানে কাজ চলমান রয়েছে। ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের কারণে ২০ জুলাই, রোববার মধ্যরাত থেকে তিনটি নদীর পানি আবারও বাড়তে শুরু করে। এতে পূর্বের একাধিক ভাঙা স্থান দিয়ে পানি ঢুকতে শুরু করেছে। এসব স্থান দিয়ে ভারতীয় উজানের পানি ঢুকে পরশুরামের পশ্চিম অলকা, পূর্ব অলকা, নোয়াপুর, চিথলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম ও ফুলগাজীর কয়েকটি এলাকা প্লাবিত হচ্ছে।

ভুক্তভোগীদের মতে, ২৪-এর স্মরণকালের ভয়াবহ বন্যায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণবাঁধের শতাধিক স্থানে ভাঙন সৃষ্টি হয়েছিল। পাউবো প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। কার্যাদেশ পেয়ে বাঁধগুলো মেরামত কাজ শুরু হয়েছিল। কাজ শেষ না হতেই আবারও ভেঙেছে। পাউবোর যথাযথ তদারকির অভাব ও অনিয়ম-দুর্নীতির কারণে বাঁধ ভেঙে প্রতিবছর এমন দুর্ভোগে পড়তে হয় তাদের।

ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পানি ঢুকে আমরা বারবার ডুবছি দাবি করে পশ্চিম অলকার বাসিন্দা শরিফ চৌধুরী বলেন, আমাদের এ দুর্ভোগ কি কখনো শেষ হবে না?

ব্যর্থতার কারনে পাউবোর মৃত্যু হয়েছে দাবি করে প্রতিকি জানাজা আদায় করেছেন পরশুরাম উপজেলার বন্যা কবলিত অলকা গ্রামের বাসিন্দারা।

পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপ বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার দুপুর থেকে মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত বিপদৎসীমার ১২ দশমিক ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। দ্রুত নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে ।

Share and Enjoy !

Shares