পঞ্চগড় শহরের একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে জমি দখল, জাল দলিল তৈরি এবং ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে কয়েক কোটি টাকার প্রতারণার মামলা অভিযোগ তুলেছেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত বিসিএস (ইকোনোমিক) ক্যাডারের কর্মকর্তা মির্জা আব্দুল বাকী।
শনিবার (২৭ জুলাই) পঞ্চগড় সদর উপজেলা থানার সংলগ্ন মিডিয়া হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।
তিনি জানান, তার মা জবেদা খাতুনের নামে ১৯৭৫ সালে কেনা ৩০.৬২ শতক জমি দীর্ঘদিন ধরে তাদের দখলে থাকলেও মিঠাপুকুর এলাকার মো. দেলদার রহমান নামে এক বহিষ্কৃত আইনজীবী জাল দলিলের মাধ্যমে জমিটি দখলের চেষ্টা করছে। আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকার পরও সম্প্রতি জমিটি জোরপূর্বক দখল করে নেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
মির্জা বাকী বলেন, শুধু জমি নয়—প্রতারক চক্র তার নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে একাধিক জেলায় কোটি কোটি টাকার ভুয়া চেক মামলায় জড়িয়েছে। এসব মামলার কোনো নোটিশ না দিয়েই ভুয়া লোকজন দিয়ে জামিন করিয়ে রায় দেওয়া হয়েছে। ডিবি ও সিআইডির তদন্তে এসব জালিয়াতির প্রমাণ মেলায় কয়েকজন ব্যাংক কর্মকর্তা কারাগারে রয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, আদালতে হাজিরা দিতে গেলে চক্রের সদস্যরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। সর্বশেষ মে মাসে আদালত চত্বরে তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়, যার জিডিও থানায় রেকর্ড রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি সরকারের প্রতি তিনটি দাবি জানান— প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা, তার নামে দায়েরকৃত মিথ্যা মামলাগুলোর তদন্ত ও বাতিল, তার পৈতৃক জমি দখলমুক্ত করে ফেরত দেওয়া
তিনি বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। এই চক্রের বিচার না হলে ভবিষ্যতে আরও অনেকেই এমন হয়রানির শিকার হবেন।”