সীমিত মানবসম্পদের মধ্যেও বাংলাদেশের জন্য ব্যবসায়িক ভিসা ইস্যু কার্যক্রম আবার শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। জরুরি আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত প্রক্রিয়ায় করা হচ্ছে বলে দাবী করেছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠান ‘ফার্মা কানেক্ট’-এ তিনি এ কথা বলেন। গতকাল ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রণয় ভার্মা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছুদিন ভিসা আবেদন কেন্দ্রে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তবে এখন সীমিত কর্মী দিয়েই প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যু পুনরায় শুরু হয়েছে। বিজনেস ভিসা আবার ইস্যু করা হচ্ছে। জরুরি ভিসা আবেদনগুলো আমরা দ্রুত প্রক্রিয়ার চেষ্টা করছি।