আজ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ থেকে সিপিবির মনোয়ন বিতরণ শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাস্তে মার্কায় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের জন্য আজ (বৃহস্পতিবার ২০ নভেম্বর) থেকে আবেদন ফরম বিতরণ শুরু হচ্ছে। মনোয়নফরম বিতরণ ও জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।

বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সিপিবির সভাপতিমন্ডলীর সভা থেকে জাতীয় সংসদের ৩০০ আসনে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন আহ্বান করা হয়েছে। মনোনয়ন আবেদন ফরম বিতরণ ও জমা দেয়ার জন্য ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে নির্বাচনী দপ্তর খোলা হয়েছে। প্রতি আসনের জন্য আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

সভাপতিমণ্ডলির সভায় বলা হয়, সিপিবি ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র ডানপন্থা রুখে দেয়ার অঙ্গীকার নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে ৩০০ আসনে প্রতিদ্বদ্বিতা করবে। এ লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতির পাশাপাশি রাজপথের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনসহ বিভিন্ন দাবিতে আগামী ২৬ নভেম্বর বেলা ১১টায় নির্বাচন কমিশন ঘেরাও, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারায় অনিয়ম ও লাভজনক টার্মিনাল বিদেশী কোম্পানিকে ইজারা দেয়ার প্রতিবাদে ২৩ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ এবং ৪ ডিসেম্বর ‘যমুনা যাত্রা’ কর্মসূচিসহ এরই মধ্যে কয়েকটি কর্মসুচি ঘোষিত হয়েছে।

Share and Enjoy !

Shares