আজ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ভাগ্য নির্ধারণ হবে আজ

আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকারের ভাগ্য নির্ধারিত হবে আজ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানির পর আজ ( বৃহস্পতিবার ২০ নভেম্বর) রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে মামলাটি রায় ঘোষণার জন্য এক ও দুই নম্বর ক্রমিকে রয়েছে বলে জানা গেছে।

রায়ের মাধ্যমে এখন এটি সংবিধানে বহাল হলেও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারে কোনো প্রভাব পড়বে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর করার কথা বলছে পক্ষগুলো। ত্রয়োদশ তথা ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনেই হবে।

গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর র্দীঘ শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতে ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, ইন্টারভেনার হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক, জামায়াতে ইসলামীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের পক্ষে আইনজীবী এস এম শাহরিয়ার এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও রুহুল কুদ্দুস এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়।

 

Share and Enjoy !

Shares