আজ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলকদ, ১৪৪৭ হিজরি

আ’লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। জাতি যেন কোন দিন ঘুরে দাড়াতে না পারে। আর আমাদের শাসনামলে শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের নেতৃত্বে নকল মুক্ত দেশ গড়েছিল বিএনপি ।

শনিবার দুপুরে জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে নিজের পিতার নামে প্রতিষ্ঠিত ডা. নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এ সব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীসহ নাটোরের সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়ার আহ্বান জানান।

দুলু আরও বলেন, দেশের মানুষের প্রয়োজনে, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশে ভোটের অধিকার রক্ষার জন্য আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা বড়ই প্রয়োজন।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও শ্রমিক নেতা শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।

Share and Enjoy !

Shares