অবশেষে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। সহকারী শিক্ষকদের আন্দোলনের প্ল্যাটফর্ম প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে। রোববার থেকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন তারা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ২ মিনিটে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি আদায়ে পরিষদ ও ঐক্য পরিষদের চলমান কর্মসূচি চলছে। তবে নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনায় আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা ‘তালাবদ্ধ’ কর্মসূচি স্থগিত থাকবে।
রোববার থেকে সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) শুরু হবে। আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।