বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরস্থিতি ভালো করতে হবে। না হলে দেশের ক্ষতি হয়ে যাবে।
রোববার (৭ ডিসেম্বর) ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশে দুর্নীতির লাগাম টানতে পারে শুধু বিএনপি। অতীতে বিএনপি দুর্নীতির লাগাম টেনেছে, ভবিষ্যতেও পারবে বলে উল্লেখ করেন তিনি। যদি সরকার গঠন করতে পারি, তবে শুরুতেই দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে।
তারেক রহমান বলেন, বিভিন্ন সময়ে দেশ যখন সংকটের মধ্যে দিয়ে গিয়েছে, তখন বিএনপি ধীরে ধীরে অবস্থার উন্নতি করেছে। দেশকে স্বাধীন করার জন্য লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছেন। সেই দেশকে গড়তেও কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে।
রাজনীতির ময়দানে বেহেশতের টিকিট দেওয়ার আশ্বাস প্রসঙ্গে তারেক রহমান বলেন, বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এগুলো যারা বলে তারা শিরক করছে। পরকালে কে কোথায় যাবে, তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সৃষ্টিকর্তার।