আজ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলকদ, ১৪৪৭ হিজরি

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার আহ্বান সাখাওয়াত হোসেনের

অন্তর্র্বতীকালীন সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামীর গণভোটে যদি আমরা গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’ সিল না দেই, তাহলে আমরা গণঅভ্যুত্থানের রক্তের বিনিময়ে যে সুযোগ সুবিধা পেয়েছি- তা হারাবো। একইসঙ্গে উত্তরবঙ্গের এই সফর গণভোটের হ্যাঁ-এর পক্ষের সফর বলে জানান তিনি।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটের পক্ষে হ্যাঁ ভোটে সিল দিতে হবে। হ্যাঁ ভোটের পক্ষে ভোট না দিলে আমরা আবার সেই আগের টেবিলে ফিরে যাবো। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় আরও বলেন, বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে একসময় বেনাপোল বন্দরে যে পরিমাণ পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতো তা অনেকটাই কমে গেছে। এর কারণ হিসেবে আমরা দেখছি- ভারত ভিসা যেমন দিচ্ছে না, তেমনি বিভিন্ন কারণও রয়েছে।
সে হিসেবে আমাদের এখান থেকেও ভিসা দেওয়া যাচ্ছে না। সামনে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে এই সমস্যাগুলো সমাধান করবে বলে আমরা আশা করছি। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

Share and Enjoy !

Shares