আজ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০ রমজান, ১৪৪৭ হিজরি

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন শফিকুর রহমান কিরন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করান।

এর মধ্যে শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরনও শপথ নেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। নির্বাচনের পর থেকেই তিনি এলাকায় ঐক্য, সম্প্রীতি ও শান্তির বার্তা দিয়ে আসছেন।

শপথ শেষে শফিকুর রহমান কিরন বলেন, “নড়িয়া ও সখিপুরের জনগণ যে আস্থা ও ভালোবাসা দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, তা রক্ষা করাই আমার প্রধান দায়িত্ব। আমি দল-মত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করবো।”

তিনি জানান, নড়িয়া ও সখিপুর অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নতি এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।

শপথ গ্রহণের খবরে নড়িয়া ও সখিপুরে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। স্থানীয়রা আশা করছেন, নতুন সংসদ সদস্য এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শপথ গ্রহণের মধ্য দিয়ে এখন শুরু হলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বাস্তব অধ্যায়।

Share and Enjoy !

Shares