যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ডের মতো পাইলট প্রকল্প আকারে কৃষক কার্ডও চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) কৃষক কার্ড সংক্রান্ত সভা শেষে এ কথা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
তিনি বলেন, নীতিগতভাবে অনেক আগেই কৃষক কার্ড দেয়ার সিদ্ধান্ত আছে। বাস্তবায়নের বিষয়ে আলোচনা করার জন্য আজকের বৈঠক।
মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব এটি (কৃষক কার্ড) চালু করা হবে। ধীরে ধীরে সব কৃষক এ কার্ড পাবেন জানিয়ে তিনি বলেন, এই কার্ড পেলে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সব সুবিধা পাবেন কৃষক। মধ্যসত্ত্বভোগীরা যেন সুবিধা নিতে পারে সেজন্যই স্মার্ট কৃষক কার্ড দেয়া হবে।
তথ্যমন্ত্রী বলেন, মূলত আমাদের কৃষকদের একটা স্মার্ট কার্ড দেওয়া এবং স্মার্ট কার্ড দেওয়ার ক্ষেত্রে একটি ফ্যামিলি কার্ড নিয়ে আমরা আলাপ করছি। নীতিগতভাবে এটা আমাদের বহু আগের সিদ্ধান্ত।
ঈদের আগে কি কৃষক কার্ড বিতরণ শুরু হবে- এ বিষয়ে তিনি বলেন, সময়টা এই মুহূর্তে বলা যাচ্ছে না। কারণ, সময়ের সঙ্গে তো প্রস্তুতির অনেক বিষয় জড়িত। তবে, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়।