ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের জন্য দেশটির রাষ্ট্রপতির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি। সফর সূচি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান হুমায়ুন কবির।
তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। এর সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়ারউর রহমানের আমলে। বর্তমানে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন। কীভাবে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও উন্নয়ন করা যায়, এ বিষয় আলোচনা হয়েছে।
এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বিশ্বনেতাদের মধ্যে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রথম শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন। এ ছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন।