রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে ট্রাফিক ব্যবস্থাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবহন ও নগর ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, ঢাকার যানজট নিরসনে কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের মতামত জানতে চান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। তারা ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, গণপরিবহন শৃঙ্খলাবদ্ধ করা এবং সমন্বিত পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে মতামত দেন।
আতিকুর রহমান রুমন জানান, শেরেবাংলানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন নিয়েও প্রধানমন্ত্রী স্থপতিদের সঙ্গে আলোচনা করেছেন। এ বিষয়ে স্থাপত্য ও নকশাগত উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে পৃথক বৈঠক করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও এসব বৈঠকে উপস্থিত ছিলেন।
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈঠক শেষে অধ্যাপক শামসুল হক জানান, আগামী ছয় মাসের মধ্যে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হবে নারীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও আকর্ষণীয় গণপরিবহন নিশ্চিত করা।
তিনি বলেন, নারীদের জন্য বিশেষায়িত বাসে নারীচালক নিয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে। পাশাপাশি ধাপে ধাপে গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আধুনিক ব্যবস্থাপনা চালুর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের প্রত্যাশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর যানজট পরিস্থিতির উন্নতি ঘটবে এবং যাত্রীসেবার মান বাড়বে।