আজ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

মজুদ প্রবণতার কারণেই জ্বালানি সংকটের আতঙ্ক : জ্বালানিমন্ত্রী

প্রয়োজনের অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করে তা মজুদ করার প্রবণতাই জ্বালানি সংকট নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির কারণ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী এ কথা বলেন। দেশে ৪ লাখ ৪২ হাজার মেট্রিকটন ডিজেলসহ পর্যাপ্ত পেট্রল ও অকটেন মজুদ রয়েছে জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ঢাকাসহ সারাদেশের জ্বালানি পাম্পগুলোর দৈনিক বিক্রির হিসাব পর্যালোচনা করে দেখা গেছে যে দৈনিক জ্বালানি তেল বিক্রির হার ইরান যুদ্ধ শুরের পর থেকে হঠাৎ করে দুই থেকে আড়াই গুন বেড়ে গেছে- যা মোটেও স্বাভাবিক নয়।
গত এক সপ্তাহে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অবৈধভাবে মজুদ করা জ্বালানি উদ্ধার বিষয়ক খবরের শিরোনাম উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের উদ্যোগে দেশব্যাপী পরিচালিত অভিযানে জ্বালানি তেল মজুদ করার প্রবণতা ইতিমধ্যেই সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

জনগণকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, আশেপাশের অনেক দেশেই জ্বালানি তেলের মূল্য বাড়ানো হলেও, বাংলাদেশে জ্বালানি সংকটের নূন্যতম সম্ভাবণা নেই; আর এজন্যই জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে সরকারের কোনো পর্যায়ে কোনো ধরনের আলোচনাই আজ পর্যন্ত ওঠেনি।

বৈশ্বিক সংকট মোকাবেলা এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে অতিরিক্ত বিদ্যুৎ ও জ্বালানি খরচ না করে, যুদ্ধ পরিস্থিতিতে দেশের জনগণকে সংযমী হতেও অনুরোধ জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।

Share and Enjoy !

Shares