বাবলু দাশ,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধি: হাটহাজারী থানাধীন ধলই ইউনিয়নের এনায়েতপুর কালীবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যাওয়া টিকটিকি (টেম্পু) গাড়ির নিচে চাপা পড়ে লিটন বড়ুয়া (৩০) বছর বয়সী এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে নাজিরহাট হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত টিকটিকি টেম্পু গাড়ির নিচে থেকে লাশটি উদ্ধার করেছে।সে রাঙ্গুনিয়া উপজেলায় শিলক ইউনিয়নে শিমুল বড়ুয়ার পূত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও নাজিরহাট হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,, সকাল সাড়ে আটটার দিকে সড়কের পাশে পড়ে থাকা গাড়িটি দেখে নাজিরহাট হাইওয়ে পুলিশকে অবহিত করেনস্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়কের পাশের খাদ থেকে উঠানোর সময় গাড়ির নিচে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। তার পকেটে পাওয়া আইডি কার্ড লেখা আছে লিটন বড়ুয়া। চালক ওই টেম্পুর নিচে চাপা পড়ে প্রাণ হারিয়ে থাকতে পারেন বলে ধারনা করা হচ্ছে।
এদিকে ঘটনাস্থলে থাকা নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই সাইদুল ইসলাম জানান, টেম্পু চালকের লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পকেটে পাওয়া আইডি কার্ডের সুত্র ধরে একটি মোবাইল নম্বরে কথা হয়েছে। তারা রাঙ্গুনিয়া উপজেলা থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে আসতেছেন। তারা আসলে লাশ শনাক্ত করে বিস্তারিত নাম ঠিকানা জানানো সম্ভব হবে বলে জানান তিনি।
নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।