কুমিল্লার মেঘনা উপজেলার শিকিরগাঁও গ্রামে মাদক সেবন ও বিক্রির অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
সোমবার (২১ জুলাই) দুপুরে মেঘনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
জানা গেছে, শিকিরগাঁও গ্রামের বাসিন্দা- মাদকসেবী ও বিক্রেতা হিসেবে পরিচিত মৃত আফরুজুদ্দিনের মেয়ে পারভীন বেগমের (৫৫) কাছ থেকে মাদক সংগ্রহ করতে আসেন তালতলী গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে দেলোয়ার হোসেন (৪০)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পথিমধ্যেই তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৮ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা। পরে ভ্রাম্যমাণ আদালতের রায়ে দেলোয়ার হোসেনকে মাদক ক্রয়ের দায়ে তিন দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং পারভীন বেগমকে মাদক সেবন ও বিক্রির দায়ে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন ভোরের কাগজকে বলেন, “মাদক শুধু ব্যক্তি নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের কোনো ছাড় নেই। মেঘনায় মাদক নির্মূলে আমাদের অভিযান আরও জোরালোভাবে চলবে। কাউকে ছাড় দেওয়া হবে না-আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”