বিএনপি কোনো দেশের ওপর নির্ভরশীল নয়, চাপে ফেলেও বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না — এমন হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের ঢাকা মহানগরের ৬টি গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাফিতি অঙ্কন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থান কোনো গুটিকয়েক মানুষের আন্দোলন ছিল না — এটি সব বয়সী মানুষের আন্দোলন ছিল। এই আন্দোলনে শুধু যুবদলেরই ৭৯ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। তিনি দাবি করেন, ত্যাগ-তিতিক্ষার এই ইতিহাস বিএনপিকে কখনোই হারিয়ে দিতে পারবে না কোনো শক্তি। বিএনপি সংস্কারে সহযোগিতা করছে জানিয়ে শেখ হাসিনার বিচারের কাজ নিয়ে সরকরের ভূমিকার সমালোচনা করেন বিএনপি মহাসচিব।
চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ নেতার গ্রেপ্তারের ঘটনায় উষ্মা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন- ডিবি অফিসের শত নিপীড়নের পরও বিএনপির কোন নেতাকর্মী আত্মসমর্পণ করেনি, কারো কাছে সেসময় মুচলেকাও দেয়নি।