আজ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০ রমজান, ১৪৪৭ হিজরি

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন ২০২৬ সালের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে পর অনুষ্ঠিত হবে। রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে শুরায়ে নেজাম ও সাদপন্থিদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচন হলে রমজানের পর দুই পক্ষের আলাদা আলাদাভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুই পক্ষের মধ্যে সব ধরনের সমস্যা সমাধানে এ কমিটি কাজ করছে।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। দুইপক্ষের সঙ্গে আলোচনা করে ইজতেমার তারিখ ঠিক করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা।

Share and Enjoy !

Shares