সারাদেশে ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের পদটি দশম গ্রেডে উন্নীত করার সুখবর দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবকে পাঠানো এক চিঠিতে প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিতে অনুরোধ করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে গত ৪ এ নভেম্বর চিঠি ইস্যু করা হয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা ৫ নভেম্বর এ চিঠিতে সই করেছেন। এরপর তা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবকে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ হতে গত ২৮ জুলাই প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়।
এরপর ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত স্মারকে সম্মতি দেওয়া হয়। এমতাবস্থায় প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড নির্ধারণে সম্মতি দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
দশম গ্রেডে উন্নীত হলে তাদের বেতন স্কেল হবে ১৬০০০-৩৮৬৪০ টাকা।