বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্টু হয়ে কাজ করছেন। বিএনপি ভেসে আসা দল নয়। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে এ স্মরণসভার আয়োজন করে।
বিএনপি মহাসচিব বলেন, ‘উপদেষ্টা পরিষদ ঐকমত্যের জন্য রাজনৈতিক দলগুলোকে ৭ দিন সময় দিয়েছেন। কিন্তু রাজনৈতিক দল তো হাতের খেলনার মতো নয়।
তিনি আরো বলেন, সংস্কার কমিশনের সব সভায় আমরা গেছি। মতামত দিয়েছি। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে কাজ শুরু করতে হবে। যেগুলো হয়নি, সেগুলো পরবর্তী পার্লামেন্টে নিয়ে যাওয়া হবে। কিন্তু তা না করে উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্টু হয়ে কাজ করছেন।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপির সাবেক তথ্যবিষয়ক সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, যশোর বারের সাবেক সভাপতি অ্যাড. মোহাম্মদ ইসহক, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুলুক চাঁদ, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, ইমাম পরিষদের সহ-সভাপতি মাও. আব্দুল মান্নান, মিসেস তানিয়া রহমান সুমি, আবুল হাসান জহির, আসাদুজ্জামান মিন্টু, দীপঙ্কর দাস রতন, যুবদল নেতা তমাল আহমেদ প্রমুখ।