আজ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলকদ, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্তি হবে: মীর স্নিগ্ধ

বিএনপিতে যোগদান করার পর প্রথম রাজনৈতিক বক্তৃতায় শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্তি হবে।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে স্বাগত জানানো হলো জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে।
রোববার (০৯ নভেম্বর) বিকেল ৪টায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ছাত্র–জনতা সমাবেশে অংশ নেন তিনি।

সমাবেশস্থলে পৌঁছালে হাজার হাজার ছাত্র–জনতা মিছিল সহকারে ও ৫ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে ঐতিহাসিক মহাস্হানগড় থেকে মীর স্নিগ্ধকে বরণ করে নেন। ছাত্র–জনতা সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মীর শাহে আলম।

বিএনপিতে যোগদান করার পর প্রথম রাজনৈতিক বক্তৃতায় মীর স্নিগ্ধ বলেন, পুণ্যভূমি শিবগঞ্জের মহাস্হান থেকে প্রথম রাজনৈতিক বক্তৃতার সুযোগ পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছি। খুনি হাসিনা আমার ভাইসহ দুই হাজার ভাই-বোনকে হত্যা করেছে। ২০ হাজার জনকে আহত করেছে।

তিনি বলেন, খুনি হাসিনার গুম-খুন ও জুলুমের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি।
তিনি আরও বলেন, ছোটবেলা থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতা দেখে আসছি। তার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিই।

এ সময় ভাইয়ের মৃত্যুর পর খুনি হাসিনার ব্ল্যাংক চেকের অফার ফিরিয়ে দিয়েছেন দাবি করে তিনি বলেন, আমরা তবুও হাসিনার সঙ্গে আপস হইনি।

তিনি এ সময় খুনি হাসিনার বিচার এ দেশে হতে হবে বলে জানান। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশজুড়ে জুলাই যোদ্ধাসহ সব তরুণ-যুবকদের একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরজীবনের জন্য বিলুপ্ত করবেন বলে জানান।

সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, বিএনপি জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি, এটা শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দেওয়ার মাধ্যমে আবারো প্রমাণ হলো।

প্রসঙ্গত, শহীদ মীর মুগ্ধ জুলাই যোদ্ধাদের পানি খাওয়ানোর সময় পুলিশের গুলিতে নিহত হোন। মৃত্যুর আগে মীর মুগ্ধের ‘পানি লাগবে পানি এ ডাক কোটি কোটি মানুষের হৃদয় কাঁড়ে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে বগুড়ায় আজ মীর স্নিগ্ধের এ প্রোগ্রামের বিস্তারিত তথ্য জানানো হয়।

Share and Enjoy !

Shares