শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় কিশোর নেটওয়ার্কের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও দি সিল ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘সারথী মোবাইল লাইব্রেরি’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শরীয়তপুর জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বি, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াসউদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস ছোবাহান মুন্সি, উপজেলা সমাজসেবা অফিসার প্রিয়াংকা বিশ্বাস, শিক্ষক ও শিক্ষার্থীসহ স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মী।
জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম অনুষ্ঠানে বলেন, “সারথী মোবাইল লাইব্রেরি গ্রামীণ শিক্ষার্থীদের দোরগোড়ায় বই পৌঁছে দিচ্ছে এবং শিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলছে। এর মাধ্যমে শুধু পাঠাভ্যাস গড়ে ওঠার সুযোগ নয়, শিশু-কিশোরদের সৃজনশীলতা ও মননশীলতাও বিকশিত হবে। প্রত্যন্ত অঞ্চলেও জ্ঞান পৌঁছে দেওয়ার এই উদ্যোগ শিক্ষার সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান বলেন, “প্রকল্পটি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বৃদ্ধি করতে সহায়ক। প্রতিটি ঘরকে একটি ছোট লাইব্রেরিতে রূপান্তর করার মাধ্যমে শিশু ও কিশোররা বাড়ির ভিতর থেকেই বই পড়ার সুযোগ পাবে। এতে তারা শুধুমাত্র শিক্ষাগত উন্নতি নয়, মানসিক বিকাশেও সাহায্য পাবে।”
শিক্ষার্থীরা জানান, মোবাইল লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের বই সহজে পড়ার সুযোগ পাওয়া যাচ্ছে। এতে তাদের পড়াশোনার আগ্রহ বৃদ্ধি পাবে এবং পরীক্ষার প্রস্তুতি ও জ্ঞানচর্চা আরও সমৃদ্ধ হবে। অভিভাবকরা মনে করেন, এই উদ্যোগ শিশুদের ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার কমাতে সহায়ক হবে এবং বই পড়ার প্রতি আগ্রহ বাড়াবে।
উদ্যোক্তারা জানান, “প্রতিটি ঘরে বই পৌঁছে দিয়ে পাঠাভ্যাস গড়ে তোলা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা আমাদের মূল লক্ষ্য। শিক্ষামূলক, গল্প-উপন্যাস, বিজ্ঞান ও শিশুতোষ বইসহ নানা ধরনের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া হয়। স্বেচ্ছাসেবীরা বই বিতরণ, সংগ্রহ, রক্ষণাবেক্ষণ এবং পাঠকের মতামত সংগ্রহের মাধ্যমে সেবা নিশ্চিত করে। প্রতিটি ঘরকে একটি ছোট লাইব্রেরিতে পরিণত করে শিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিসমৃদ্ধ করা হচ্ছে।”
এই মোবাইল লাইব্রেরি কার্যক্রমের মাধ্যমে সদস্যরা নিয়মিত বই, ম্যাগাজিন এবং কমিকস পাবেন। বইগুলো বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং পাঠকরা নিজ দায়িত্বে এগুলো রক্ষা করবেন। কোনও বই ক্ষতিগ্রস্ত বা হারালে শুধুমাত্র বইটির মূল্য পরিশোধ করতে হবে, কোনো অতিরিক্ত জরিমানা নেই। এছাড়া সদস্যরা অনলাইনে কুইজ, গল্প ধাঁধা, স্টাডি সার্কেল, হেরিটেজ ট্রাভেল, নভো থিয়েটার, বনভোজন, বুট ক্যাম্পিং ও ফরেস্ট ট্র্যাকিংসহ নানা ইভেন্টে অংশ নিতে পারবেন, যেখানে আকর্ষণীয় পুরস্কারও থাকবে।
সদস্য হতে হলে নিবন্ধন ফরম পূরণ করতে হবে এবং নির্ধারিত মাসিক ফি প্রদান করতে হবে। নিবন্ধনের পর সদস্যকার্ড প্রদান করা হবে, যা ব্যবহার করে বই গ্রহণ ও বিভিন্ন সুবিধা উপভোগ করা যাবে।