আজ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

বিধ্বংসী ব্যাটিংয়ে ৮৪ বলে ১৯০ রান, ১৪ বছর বয়সী বৈভবের বিশ্বরেকর্ড

বৈভব সূর্যবংশী ও রেকর্ড, এই দুই যেন একই মুদ্রার এপিঠ–ওপিঠ। মাত্র ১৪ বছর বয়সী এই ক্রিকেটার মাঠে নামলেই তার ব্যাট থেকে জন্ম নিচ্ছে নতুন নতুন কীর্তি। বিজয় হাজারে ট্রফির প্রথম দিনেই ব্যাট হাতে ঝড় তুললেন বিহারের এই তরুণ ওপেনার। মাত্র ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলে গড়েছেন একাধিক বিশ্বরেকর্ড।

এবারের বিজয় হাজারে ট্রফিতে খেলছেন ভারতের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। দীর্ঘদিন পর ঘরোয়া এই টুর্নামেন্টে তাদের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত সমর্থকরা। তবে টুর্নামেন্টের প্রথম দিনেই সব আলো কেড়ে নিলেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী।
অরুণাচল প্রদেশের বিপক্ষে রাঁচিতে আয়োজিত ম্যাচ দিয়ে বিজয় হাজারে ট্রফিতে যাত্রা শুরু করে বিহার। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দলটি। এরপরই শুরু হয় বৈভবের ব্যাটিং তাণ্ডব। মাত্র ৩৬ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার শতকের ইনিংসে ছিল ১০টি চার ও ৮টি ছক্কা, শুধু বাউন্ডারি থেকেই আসে ৮৮ রান। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।
এর আগে এই রেকর্ডটি ছিল পাঞ্জাবের অনমোলপ্রীত সিংয়ের দখলে। তিনি গত বছর ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। পাশাপাশি, বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির নজির গড়েছেন বৈভব সূর্যবংশী। তবে এই সংস্করণে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড এখনো দক্ষিণ অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার ম্যাকগার্কের দখলে, যিনি ২০২৩ সালে তাসমানিয়ার বিপক্ষে মাত্র ২৯ বলে শতক করেছিলেন।

দ্রুততম সেঞ্চুরির তালিকায় সূর্যবংশী চতুর্থ স্থানে থাকলেও, এই সংস্করণে দ্রুততম দেড়শ রান করার অনন্য রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ৫৯ বলে ১৫০ রান করে ভেঙেছেন এবি ডি ভিলিয়ার্সের ২০১৫ সালের ৬৪ বলে দেড়শ রানের রেকর্ড।

যদিও অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া হয়েছে এই কিশোর ব্যাটারের। শেষ পর্যন্ত ১৯০ রানে আউট হন বৈভব সূর্যবংশী। ৮৪ বলের এই বিধ্বংসী ইনিংসে ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা। অর্থাৎ শুধু বাউন্ডারি থেকেই এসেছে ১৫৪ রান, যা তার ইনিংসকে আরো বিশেষ করে তুলেছে।

Share and Enjoy !

Shares