চট্টগ্রাম -২, ফটিকছড়ি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, মামলার নামে নিরীহ মানুষকে কোন প্রকার হয়রানি করা যাবে না। অচিরেই অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যতায় সুষ্টু নির্বাচন আয়োজন সম্বব হবেনা।আইনশৃঙ্খলা বাহিনী এখনো সঠিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।
রোববার (১১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে ফটিকছড়ির সমসাময়িক বিষয় নিয়ে তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। অথচ মামলা নেই- এমন নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সরওয়ার আলমগীর আরও বলেন, সন্ত্রাসীদের সঙ্গে কতিপয় পুলিশের গভীর সম্পর্ক রয়েছে। অতীতে দেখা গেছে, নিরীহ মানুষকে ধরে এনে চাঁদাবাজি করা হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের ঘটনার সময় এসব অপতৎপরতা আরও স্পষ্ট হয়েছে।
তিনি বলেন, একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি নারীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার অভিযোগও উঠেছে, যা উদ্বেগজনক ও মানবাধিকার লঙ্ঘনের সামিল।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা তার বাবুর্চিসহ সবাইকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু দেশে এখনো কিছু নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছেন, যারা কোনো অন্যায় বা অপরাধে জড়িত ছিলেন না। তাদের হয়রানি করার কোনো যুক্তি নেই।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামীলীগের যাদের বিরুদ্ধে মামলা নেই, তাদের হয়রানি করার দরকার নেই। আইনশৃঙ্খলা রক্ষা করতে হলে অবিলম্বে অস্ত্র উদ্ধার করে প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, সরোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মনছুর আলম চৌধুরী, আবু আজম তালুকদার, মঈন চৌধুরী, সুজাউদ্দিন চৌধুরী এবং হান্নান চৌধুরী প্রমূখ।