আজ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি

১২৫ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, পাচারচক্রের সদস্য গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ১২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব। একই অভিযানে পাচারের উদ্দেশ্যে মূর্তিটি লুকিয়ে রাখার অভিযোগে সাদ্দাম শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা পৌর এলাকার বুড়াইচ গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল গ্রামের একটি পুকুরপাড়ে তল্লাশি চালায়। এ সময় লতাপাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় বিশাল আকৃতির কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সাদ্দাম শেখ বুড়াইচ গ্রামের আকবর শেখের ছেলে। র‍্যাব সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত আটটি মামলা রয়েছে। র‍্যাব-১০-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি মূর্তিটি উচ্চমূল্যে বিক্রি ও পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ পরিকল্পনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের কষ্টিপাথরের মূর্তির আন্তর্জাতিক বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। তবে বাংলাদেশের প্রতœতত্ত্ব আইন অনুযায়ী, এ ধরনের প্রাচীন প্রতœসম্পদ ব্যক্তিগতভাবে সংরক্ষণ, কেনাবেচা বা পাচার করা দণ্ডনীয় অপরাধ। উদ্ধারকৃত মূর্তিটি রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়েছে।

Share and Enjoy !

Shares