ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশের পর গত কয়েক দিনে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম নিয়ে বিভিন্ন তালিকা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এসব নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। তবে বিএনপির সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এসব তালিকার অধিকাংশই ধারণানির্ভর এবং বাস্তবতার সঙ্গে মিল নেই।
সূত্র জানায়, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নতুন মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এ বিষয়ে দলের স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সঙ্গেও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এমনকি দু-একজন সিনিয়র নেতার সঙ্গে সীমিত পরামর্শ হলেও তারাও মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত পুরোপুরি দলের চেয়ারম্যানের ওপর ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, দলটি এখন পর্যন্ত ২০৯টি আসনে জয়ী হয়েছে।
দুটি আসনের ফল প্রকাশ স্থগিত রয়েছে এবং একটি আসনে নির্বাচন হয়নি।
দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পথে দলটি। ফলে নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সে বিষয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিএনপির নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যেসব নামের তালিকা প্রকাশ হচ্ছে, সেগুলোর বেশিরভাগই অনুমানভিত্তিক।