ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত ‘সংসদ কমিটি’র প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
চিফ হুইপ বলেন, ‘মোটামুটি সব সংসদ সদস্য আবাসন সুবিধা পাবেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ, হুইপ, স্পিকার—তাদের আলাদা বাসভবনের ব্যবস্থা আছে। অন্যদের আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। প্রয়োজনীয় যেসব জিনিস কিনতে হবে, সেগুলো যেন কেনা সম্পন্ন হয়, সে জন্য ১০ তারিখের মধ্যে বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হবে। ৩০ মার্চ আবার বৈঠক করবে কমিটি।’
চিফ হুইপ আরো জানান যে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলযোগের ঘটনা তদন্তে সার্জেন্ট এট আর্মসের (সংসদের নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করার দায়িত্বে থাকা সংস্থা) নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনা সাবোটাজ (নাশকতামূলক) ছিল কি না- তা তদন্ত করে ৩ এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি শব্দযন্ত্রের সমস্যা সমাধানে কী করা যায়, সে বিষয়েও সুপারিশ দেবে কমিটি।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে সভাপতি করে ১১ সদস্যের এই ‘সংসদ কমিটি’ গঠন করা হয়। সদস্যদের সুযোগ-সুবিধা ও সংসদ ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা তদারকি করাই এ কমিটির মূল কাজ। আজকের বৈঠকে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।